পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
পরিবারের সদস্যদের নিয়ে কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
এরপর দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সংসদসদস্য মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলামসহ দলের অন্য নেতারা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসভবনে ফিরে যান।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 