আগামী ১ বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথমবারের মত ব্যাটিং কোচের ভূমিকায় নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশের প্রথম ব্যাটিং তারকা। এবারে ১ বছরের জন্য তাকে নিয়োগ দিল বিসিবি, ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২০২৭ মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ হিসেবে।
আশরাফুল জানান, ‘আগে তো কোন চুক্তি ছিল না, শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল। এখন চুক্তি হয়েছে বোর্ডের সঙ্গে, ১ বছরের জন্য। চুক্তি কার্যকর ফেব্রুয়ারি থেকে।‘
টেস্টের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান আশরাফুল হয়ে উঠেছিলেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বড় বিজ্ঞাপণ। তবে একটা সময় বিপথে পা বাড়িয়ে ম্যাচ গড়াপেটায় নিষিদ্ধ হয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বিপিএল দল রংপুর রাইডার্স, ঢাকা প্রিমিয়ার লিগের দল ধানমন্ডি ক্লাব ও জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের কোচের দায়িত্ব পালন করেছেন আশরাফুল।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 