ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ডের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের পাশে অবস্থিত ‘আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ার’-এ গত বৃহস্পতিবার গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইদ্রিস আলী প্রতিপক্ষ আবু বকর সিদ্দিক প্রকাশ খোকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (৬ মার্চ) ফেনী জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করেন মো. ইদ্রিস আলী, যিনি বীর মুক্তিযোদ্ধার সন্তান। অভিযোগে বলা হয়েছে, মো. ইদ্রিস আলী প্রায় ২৫ বছর ধরে মালিকানাধীন ১৩৭৮৬ দাগের জমিতে দখলে থেকে আনন্দ মেডিসিন সেন্টার পরিচালনা করে আসছেন। সম্প্রতি আবু বকর সিদ্দিক প্রকাশ খোকা দাবি করেন যে ওই দাগের জমিতে তারও অংশ রয়েছে।
এই দাবির ভিত্তিতে আবু বকর সিদ্দিক ফেনী সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। তবে তদন্তে ভূমি কর্মকর্তারা অভিযোগটি ভিত্তিহীন বলে জানায়। পরবর্তীতে জমির মালিকানা ও দখলের বিষয়টি মো. ইদ্রিস আলীর পক্ষে নির্ধারণ করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে আবু বকর সিদ্দিক খোকা ফেনী আদালতে নতুন করে অভিযোগ দায়ের করেন। কিন্তু আদালতের কার্যক্রম শেষ না হওয়ায় এবং কোন সমাধান না হওয়ায়, অভিযোগকারী মো. ইদ্রিস আলীর বক্তব্য অনুযায়ী, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের মাধ্যমে আনন্দ মেডিসিন সেন্টার ও ডেন্টাল কেয়ারে হামলা চালানো হয়।
ভুক্তভোগী মো. ইদ্রিস আলী জানিয়েছেন, ওই রাতে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। এতে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র ও অন্যান্য মালামাল নষ্ট হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে আনন্দ মেডিসিন সেন্টার সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এরকম আচরণ আমাদের জন্য উদ্বেগজনক। হঠাৎ এমন হামলার ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।”
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মালিক মো. ইদ্রিস আলী বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ক্ষতিগ্রস্ত হলেও আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করব। কোনো দুর্বৃত্ত বা প্রভাবশালী ব্যক্তি আমার ব্যবসায় হস্তক্ষেপ করতে পারবে না।”
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়ভাবে কারও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের সুযোগ দেওয়া হবে না।”
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা 