সিরাজগঞ্জ জেলার তাড়াশে মঙ্গলবাড়িয়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ও দুটি ডাম ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি অভিযুক্তদের ৫ (পাঁচ) লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদনবিহীনভাবে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে পুকুর খননের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব ফেলে বলে জানান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
প্রশাসন আরও জানায়, অবৈধ পুকুর খনন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা ও পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ 