প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নির্বাচনী নিরাপত্তায় তাড়াশ থানা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে তাড়াশ থানা পুলিশ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ তাড়াশ থানা কম্পাউন্ডে গ্রাম-পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের নিয়ে একটি বিশেষ প্রস্তুতিমূলক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

‎

‎ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে গ্রাম-পুলিশ সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎

‎ব্রিফিংয়ে গ্রাম-পুলিশ সদস্যদের জন্য স্পষ্ট করণীয় ও বর্জনীয় নির্দেশনা তুলে ধরা হয়। করণীয় হিসেবে ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় থানা পুলিশকে সার্বক্ষণিক সহায়তা করা, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সজাগ থাকা, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই উর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা এবং সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

‎

‎অন্যদিকে বর্জনীয় নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়—কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে সরাসরি প্রচারণায় অংশগ্রহণ না করা, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতিত্ব না করা এবং গুজবে কান না দেওয়া ও গুজব না ছড়ানো।

‎

‎ব্রিফিং শেষে ওসি মোঃ হাবিবুর রহমান জানান, একটি সুন্দর, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তাড়াশ থানা পুলিশ ও গ্রাম-পুলিশ সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন সংশ্লিষ্ট সবাই।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন