ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল এলাকায় পার্কিং করা একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করলে সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হাতে-নাতে আটক করে। পরে তাকে গণধোলাই না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, যেকোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।
মোটরসাইকেল মালিকদের নিজ নিজ যানবাহন নিরাপদ স্থানে রাখার এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

খন্দকার আউয়াল ভাসানী(টাঙ্গাইল) 