প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

বাঘা হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামানের বিরুদ্ধে হাসপাতালে আগত এক রোগীর স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে একটি সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে ওই রোগীর পাঁচজন স্বজনকে ডা. আসাদুজ্জামান ও আউটডোরে কর্মরত তার কয়েকজন সহকর্মী মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা এবং বাঘা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাময়িকভাবে উত্তেজনা প্রশমিত করেন।

পরে আহত রোগীর স্বজনরা অভিযোগ দায়েরের উদ্দেশ্যে বাঘা থানায় এসে জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসা নিয়ে কথা বলতে গেলে ডা. আসাদুজ্জামান ক্ষিপ্ত হয়ে এ ধরনের আচরণ করেন।

এ বিষয়ে হাসপাতালে উপস্থিত থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি সাংবাদিকদের বলেন, “দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে এ ধরনের আচরণ করে আসছেন তিনি। এছাড়া নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদকে খাটো করার উদ্দেশ্যেও তিনি তৎপর রয়েছেন। এমন মেডিকেল অফিসারকে বাঘাবাসী চায় না।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, “ঘটনার সময় আমি আমার চেম্বারে ছিলাম। পরে বিষয়টি জানতে পেরেছি। এর বেশি কিছু বলতে পারছি না।”

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সেরাজুল হক বলেন, “আউটডোরের স্টাফরা রোগীর স্বজনদের মারধর করেছে বলে আমরা জানতে পেরেছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন