ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ-এর উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ঝালকাঠি শহরের শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪০ জন শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষা সামগ্রী পেয়ে শিশুদের মুখে দেখা যায় আনন্দের হাসি ও ভবিষ্যৎ স্বপ্নের ঝিলিক। অভিভাবকরাও জানান, এসব উপকরণ শিশুদের পড়াশোনার আগ্রহ আরও বাড়াবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অসীম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাংবাদিক মানিক রায়, এবং মো. মাহমুদুল হাসান (আদিল)।
এছাড়া উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভার সাধারণ সম্পাদক ইঞ্জি. অসিত কুমার সাহা, বঙ্কিম কুমার দে, সুকদেব গোস্বামী ব্রজবাসীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রত্যয় তরুণ সংঘের মুখ্যপাত্র পঙ্কজ কুমার দে বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে আজকের শিশুদের শিক্ষার ওপর। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশ গঠনে নেতৃত্ব দেবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সমাজের সকল সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্যয় তরুণ সংঘের কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী, প্রচার সম্পাদক উৎসব দাস, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দ, প্রদীপ কর, প্রদ্বীপ দুয়ারী, নেপাল শীল, শান্ত দে, অপূর্ব হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, শিক্ষা একটি সম্মিলিত দায়বদ্ধতার বিষয়, যেখানে পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রত্যয় তরুণ সংঘের নেতৃবৃন্দ জানান, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

শংকর দাস পবন, ঝালকাঠি, উজ্জ্বল বাংলাদেশ 