নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কাউকে বাদ দিয়ে ঐক্য সম্ভব নয়। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে হলে সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে। ঐক্যবদ্ধ সমাজ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অবাধ, সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকলেও সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার মূল দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, আমাদের প্রতিও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ২৪ অভ্যুত্থানকে চূড়ান্তভাবে গ্রহণ করেছে। এই অভ্যুত্থানের মূল কারণ ছিল বৈষম্যের বিরুদ্ধে জনগণের অবস্থান। যে বৈষম্যের কারণে আবু সাঈদ, মুগ্ধ ও আবরার ফাহাদ প্রাণ হারিয়েছেন, সেই বৈষম্য দূর না হলে তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব নয়। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই হতে হবে আমাদের লক্ষ্য।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো অপতথ্য, বিভ্রান্তি কিংবা সহিংসতা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা একেএম আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরাও সভায় অংশ নেন।

মো: রাজিবুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি 