মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৫ই জানুয়ারী) ভোররাতে এক পাষাণ্ড স্বামী তার স্রীকে জবাই করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আবুল মৃধা কে আটক করেছে।
নিহত রোকেয়া বেগম (৬০) উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধা (৬৫) একই এলাকার মৃত আকবর আলী মৃধার ছেলে।
পুলিশ জানায়, ঘটনার সময় স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ঘরোয়া কাজে ব্যবহৃত ধারালো দা দিয়ে স্ত্রী রোকেয়া বেগমকে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারিপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধি