প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

ফুলগাজীর বরইয়ায় কৃষি জমির মাটি কেটে বিক্রি: মধ্যরাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা সংবাদদাতা

ফেনীর ফুলগাজী উপজেলার বরইয়া গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে রাতের আঁধারে অভিযান চালিয়েছে প্রশাসন; এক্সকেভেটর জব্দ, পালিয়েছে মাটি ব্যবসায়ীরা

ফেনী জেলার ফুলগাজী উপজেলার বরইয়া গ্রামে ফসলি কৃষি জমির উর্বর মাটি কেটে অবাধে বিক্রির ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মধ্যরাতে অভিযান চালানো হয়েছে।

এ সময় একটি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হলেও অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরইয়া গ্রামের বিভিন্ন কৃষি জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ট্রাকযোগে বিক্রি করে আসছিল একটি প্রভাবশালী চক্র।

এতে একদিকে যেমন কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও ফসল উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি এক্সকেভেটর জব্দ করা হলেও মাটি ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত যন্ত্রটি বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, মাটি কেটে নেওয়ার ফলে জমিতে পানি জমে থাকছে এবং ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ছে। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।

বরইয়া গ্রামের কৃষক আবদুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের জমির উপর দিয়েই আমাদের সংসার চলে। কিন্তু এই মাটি বাবারা রাতের বেলা জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে জমি নষ্ট হয়ে যাচ্ছে, ধান-সবজি কিছুই ফলানো যাচ্ছে না।

আমরা এর সঠিক বিচার চাই।”
আরেক কৃষক মো. নাছির উদ্দিন বলেন,
“বারবার নিষেধ করেও কোনো লাভ হয়নি। প্রভাবশালীদের কারণে আমরা মুখ খুলতে পারি না। প্রশাসনের এই অভিযান দেখে কিছুটা আশার আলো দেখছি।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ আর কৃষি জমি ধ্বংস করার সাহস না পায়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন