প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সিন্ডিকেট নিয়ে নানজীবার ‘মাটি’

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

নতুন সিনেমায় নাম লিখিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী রাফা নানজীবা তোরসা। সিনেমাটির শিরোনাম ‘মাটি’। যেখানে তাঁর বিপরীতে থাকছেন নবাগত আলভী মামুন। ছবিটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ। পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও করেছেন তিনি। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানিয়েছেন, ছবির বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ।
ঢাকা, ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতী নদীর বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে।
নির্মাতা জানান, গ্রামীণ পটভূমিতে নির্মিত এই সিনেমার গল্পে রয়েছে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বিশদ বর্ণনা। ছবিটি নিয়ে প্রথম আলোকে নির্মাতা তারিফ সৈয়দ বলেন, ‘এটি একটি সীমান্তবর্তী গ্রামের গল্প, যার পাশ দিয়ে ইছামতী নদী বয়ে গেছে—যার এক পাড়ে বাংলাদেশ, অন্য পাড়ে ভারত। একসময় নদী-নির্ভর জীবিকা নির্বাহ করলেও, ফারাক্কা বাঁধ ও জলবায়ু পরিবর্তনের কারণে ইছামতী শুকিয়ে যাওয়ায় গ্রামের মানুষ জীবিকার জন্য ফুলের চাষ শুরু করেন। কালের বিবর্তনে সেই ফুলের বাজার দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজারে পরিণত হয়েছে। তবে এই বাজারের বিস্তারের সঙ্গে সঙ্গে সীমান্তজুড়ে মাদক, শিশু ও নারী পাচার সিন্ডিকেটও বিস্তার লাভ করেছে। সিনেমাটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার গল্প, যা গ্রামবাংলার এক অজানা রূপ তুলে ধরবে।’
এ সিনেমায় নানজীবা তোরসা ও আলভী মামুন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন