”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় সমাজসেবা দিবস ‘২৬ পালিত হয়। দিবস উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা হলরুম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিলমিন জাহান ইলমা, বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম, উপজেলা সহকারী পরিদর্শক (সমবায়) জুবায়ের আহমেদ গালিব, ইউপিসিএম সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদুসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রান্তিক পর্যায়ের সুবিধাভোগী। এর আগে দিনের কার্যসূচি অনুযায়ী সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সমাজসেবা দিবস উপলক্ষে স্বাগত ও ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন উক্ত আলোচনা সভার সঞ্চালক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। আলোচনা সভায় ৬টি দুরারোগ্য ব্যাধিসহ ৫৪টি চলমান প্রকল্পের উপর গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়। দেশের বিশাল জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক অনগ্রসর, দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত, শারীরিক-মানসিক-দৃষ্টি-শ্রবণ প্রতিবন্ধীসহ অনগ্রসর উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের অর্থঋণসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা প্রদান ও লজিস্টিক সাপোর্ট প্রশংসার দাবি রাখে। সূত্র জানায়, অদূর ভবিষ্যতে কামার, কুমার, তাঁতি, জেলে, ধুপা, নরসুন্দর, সতোরঞ্চি, মৃৎশিল্প, নকশীকাঁথাসহ দশটি প্রকল্পে নির্দিষ্ট বয়স সীমার আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও অর্থায়নের মাধ্যমে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে।

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ 