প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কাঠগড়ায় বাবর আজম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

রান তাড়ায় ওপেনিংয়ে নেমে দলের জয় নিয়ে ফিরেছেন বাবর আজম। উপহার দিয়েছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। কিন্তু মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে যে ঘরানার ব্যাটিংয়ে ইনিংসটি সাজিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান, তাতে রীতিমত বিরক্ত অস্ট্রেলিয়ার গ্রেট ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।
সতীর্থের কাঁধে ম্যাচ জেতানোর সব ভার তুলে দিয়ে, নিজে কেবল টিকে থাকার চেষ্টা করায় বাবরের কড়া সমালোচনা করেছেন গিলক্রিস্ট। তার মতে, বিধ্বংসী হতে না পারলেও অন্তত দ্রুত রান করার উপায় বের করা উচিত বাবরের।
মেলবোর্নে বৃহস্পতিবার ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ৫৮ রান করতে ৪৬ বল খেলেন সিডনি সিক্সার্সের ওপেনার বাবর। চারটি চারের সঙ্গে স্রেফ একটি ছক্কা মারেন তিনি।
এই ইনিংসে বাবরের স্ট্রাইক রেট ছিল ১২৬.০৮। দলটির হয়ে রান পেয়েছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে কম।
ছয়ে নেমে ২ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জোয়েল ডেভিসেস। তাতে ৫ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জিততে পারে সিডনি সিক্সার্স।
ম্যাচ চলাকালে ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় বাবরের ব্যাটিংয়ের ধরন বদলাতে বলেন বিশ্বকাপজয়ী কিপার-ব্যাটসম্যান গিলক্রিস্ট।
“বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত নয় বাবর। সে ক্রস ব্যাটে ও স্লগ শটে ছক্কা মারতে যাবে না। (ব্যাট হাতে) তাকে আরও সক্রিয় হতে হবে। স্রেফ বলের সমান রান করে এবং ক্রিজে সঙ্গীর ওপর কাজ শেষ (ম্যাচ জেতানোর) করার সব দায়িত্ব দেওয়ার চিন্তা সে করতে পারে না।”
এমনিতেই টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট নিয়ে চর্চা হচ্ছে অনেক দিন ধরে। এই কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩৩ ম্যাচ খেলে ১১ হাজার ৬৬৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১ সেঞ্চুরি ও ৯৭টি ফিফটি আছে তার। কিন্তু স্ট্রাইক রেট কেবল ১২৮.৮৯।
চলতি আসর দিয়ে বিগ ব্যাশে অভিষেক হয় বাবরের। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটি ফিফটি করেছেন তিনি। অন্য তিন ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
গত ২০ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে খেলা ৫৮ রানের ইনিংসটিতে তার স্ট্রাইক রেট ছিল ১৩৮.০৯। সেদিন দুটি ছক্কা ও পাঁচটি চার মারেন তিনি ৪২ বল খেলে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন