রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘খুবই সংবেদনশীল সময়ে’ এই হামলা ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে অবস্থিত প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে মস্কো।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, ইউক্রেনীয় বাহিনী পুতিনের বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় সব ড্রোনই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা সম্ভব হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, এই হামলার জন্য ইউক্রেন সরাসরি দায়ী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে পারে মস্কো।অন্যদিকে ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে দাবি করা হয়, শান্তি আলোচনাকে ব্যাহত করতেই রাশিয়া নিজেরাই এই হামলা সাজিয়েছে।এদিকে হামলার সময় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবার ভোরে প্রেসিডেন্ট পুতিন নিজেই তাকে ফোন করে হামলার বিষয়টি জানান। ট্রাম্প বলেন, ঘটনাটি খুবই খারাপ এবং এতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। এমন একটি সংবেদনশীল সময়ে এই হামলা হওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।
হামলার জন্য পরোক্ষভাবে ইউক্রেনকে দায়ী করে ট্রাম্প আরও বলেন, টমাহকের বিষয়টি ভুলে গেলে চলবে না। আমি টমাহক থামিয়েছি। আমি এটা চাইনি।
উল্লেখ্য, এর আগে একাধিকবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানালেও ট্রাম্প প্রশাসন তাতে সম্মতি দেয়নি।সোমবারের এই ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে হোয়াইট হাউসে যোগাযোগ করা হয়। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ ট্রাম্পকে হামলার বিস্তারিত তথ্য জানান।
পরবর্তীতে সাংবাদিকদের উশাকভ বলেন, পুতিনের বাসভবনে ড্রোন হামলার খবর শুনে ট্রাম্প বিস্মিত হয়ে পড়েন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা ইউক্রেনকে টমাহক দিইনি।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক