আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ থানা এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে প্রতিটি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করা হয়।
একই সঙ্গে ভোটগ্রহণের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। ভোটারদের নিরাপদ ও নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
জেলা পুলিশ, সিরাজগঞ্জ সূত্র জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ 