টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের মনোনয়ন পেতে নির্বাচনী লড়াইয়ে নামছেন সাংবাদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক সাইয়্যেদা ওয়াজিহা সুলতানা আনিকা। তিনি বর্তমানে জননী টেলিভিশনের চীফ রিপোর্টার ও সংবাদ উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগতভাবে আনিকা একজন ডিএইচএমএস (হোমিওপ্যাথিক মেডিসিন) ডিগ্রিধারী চিকিৎসক। তিনি ডাক বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডিগ্রি অর্জন করেছেন। বেসরকারি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তিনি আয়কর উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
তার সামাজিক ও পেশাগত সম্পৃক্ততা ব্যাপক। তিনি বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সদস্য এবং টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের একজন সক্রিয় সদস্য। মনোনয়ন পাওয়ার লক্ষ্যে আনিকা গোপালপুর-ভূঞাপুর আসনে সরেজমিনে ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন। তার নির্বাচনী অঙ্গীকারে এলাকার উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও যুবসমাজের সমস্যা সমাধানকে কেন্দ্রীয় বিষয় হিসেবে উল্লেখ করেছেন। একজন নারী প্রার্থী হিসেবে তিনি এলাকায় নতুন দৃষ্টিভঙ্গি ও গতিশীল নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তার প্রচারাভিযানে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা ব্যাপক উদ্দীপনায় অংশ নিচ্ছেন। টাঙ্গাইল-২ আসনে আগামী নির্বাচনে বর্তমান প্রার্থীসহ বেশ কয়েকজন প্রতিযোগী রাজনীতিবিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। আনিকার প্রচারাভিযান ও গ্রহণযোগ্যতা নিয়ে স্থানীয় মহলে আগ্রহ তৈরি হয়েছে। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন ভূঞাপুর উপজেলার বাগবাড়ী এলাকার ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী এবং গোপালপুর উপজেলার কোনাবাড়ী এলাকার হাসিবুল হাসান সান্ত। তবে বর্তমানে সাইয়্যেদা ওয়াজিহা সুলতানা আনিকা মনোনয়নের প্রত্যাশায় এগিয়ে আছেন এবং জনগণের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিশেষ প্রতিনিধি 