ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় স্থানীয় বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র।
আলোচনা সভায় ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা মোঃ শাহীনুর আলম, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা এবং উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন নিহন পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাগণ।
এর আগে বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তাগাছা থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মাহুতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আত্মনির্ভরশীল, দুর্নীতিমুক্ত ও বিভাজনমুক্ত সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ আবুল কালাম 