প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৪৭, নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা‘র বিএনপি মনোনীত এমপি পদে প্রাথমিক দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর ৪৭, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) বিএনপির সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের ডাকে এ কর্মসূচি পালন করা হয়। দুপুরে জামায়েত হতে থাকা দলীয় সমর্থিত নেতাকর্মী ও নানান বয়সের নারী ও তরুণ ভোটাররা বিভিন্ন স্লোগানের ব্যানার ফেস্টুন ও তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশে স্লোগান দিতে থাকেন।

উপজেলা শাখা বিএনপির একাংশ জানায়, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে এমপি পদে পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দখলবাজ ও চাঁদাবাজদের দল থেকে বিতাড়িত করে শিক্ষিত তরুণ ও যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেবার জোর দাবি জানানো হয়। অন্যথায় চাঁদাবাজ ও দখলবাজদের মনোনয়ন দেওয়ার কারণে এ আসন জামায়াতের দখলে চলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, উপজেলা শাখা বিএনপির সাবেক সভাপতি চপল চৌধুরী, পত্নীতলা উপজেলা শাখা বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কেএমএস মুসাব্বির শাফি ও আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক।

এদের মধ্যে সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা‘র দুর্নীতি, দখলবাজি ও দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে হাইব্রিডদের বিভিন্ন পদে সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে তার এমপি পদে প্রাথমিক দলীয় মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডের সহযোগিতায় বাকি চারজনের মধ্যে যে কোন একজনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবার জোর দাবি জানানো হয়। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সাধারণ ভোটার ও দলীয় সমর্থকেরা

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক থানা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ ফেরদৌস, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী সাহান, পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুওয়ান হোসেন রঞ্জু, পত্নীতলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের চৌধুরী, পত্নীতলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের চৌধুরী মন্টু, ধামইরহাট মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খানকে ৪৭, নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনে মনোনয়ন দেওয়া হয়।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন