টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নুরুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাহাড়ি চূড়ায় অবস্থিত এই বিদ্যালয়টি শিক্ষা প্রসারের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠলেও সীমানা প্রাচীরের অভাব কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আয়োজিত হয় বাৎসরিক সহপাঠ্যক্রমিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিঞা ও সহকারী শিক্ষক মো. ফজলুল হক জানান, ৬ জন শিক্ষক ও ১৩১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিত এই বিনোদন আয়োজন, মাসিক সভা ও অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা হয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি স্থানীয় জনগণের জন্য শিক্ষাসেবায় নিবেদিত হলেও নিরাপত্তা ও অবকাঠামোগত কিছু চ্যালেঞ্জ রয়েছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এবং কোনো সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীদের খেলাধুলার সময় প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে শিক্ষার্থীদের শারীরিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, নিরাপত্তা সমস্যার সমাধান হলে দুর্গম এই পাহাড়ি এলাকার শিশুরা আরও নিরাপদ ও সুন্দরভাবে তাদের শিক্ষাজীবন অতিবাহিত করতে পারবে।

মোহাম্মদ সোহেল (বিশেষ প্রতিনিধি) 