যমুনা সেতুর পূর্বপাড়ে গরিল্লাবাড়ীর সকালের বাজারে আজও দেখা গেল এক চিরচেনা দৃশ্য — নদীর ধারে বসে আছে মাঝিরা, তাদের সামনে সাজানো টাটকা যমুনার মাছ। সূর্য উঠেছে দিগন্তে, বাতাসে নদীর গন্ধ আর মাছের বাজারের প্রাণচাঞ্চল্য মিলেমিশে এক অন্যরকম সকাল তৈরি করেছে।ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঝিরা নৌকা ভরতি করে নিয়ে আসে রুই, কাতলা, বোয়াল, শোল, পাঙ্গাশসহ নানা জাতের দেশি মাছ। স্থানীয় ক্রেতারা তখন ভিড় জমায় সেই বাজারে। কারো হাতে মাছের ঝুড়ি, কারো হাতে পলিথিন — দর কষাকষি আর হাসি-আনন্দে ভরে ওঠে পুরো বাজার চত্বর।নদীর পাড়ে বসে এক মাঝি হাসিমুখে বললেন, যমুনার মাছের স্বাদই আলাদা ভাই, এই নদী আমাদের জীবন।যমুনা সেতুর নিচ দিয়ে বয়ে চলা নদীর ঢেউ যেন তাদের শ্রম ও জীবনের গল্প বলে যায় প্রতিদিনের মতো। গরিল্লাবাড়ীর এই সকালের বাজার শুধু মাছের নয়, এটি যেন গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি।

খন্দকার আউয়াল হোসেন (টাঙ্গাইল) প্রতিনিধি: 