টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি উপজেলা সদর ঘুরে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও তাদের প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, ভূঞাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) একে এম রেজাউল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসুম প্রমুখ। অনুষ্ঠানে কন্যাশিশুদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ও সাফিয়া বিনতে সাপু এবং দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ইসলাম। তারা সমাজ ও দেশ গঠনে কন্যাশিশুদের অবদানের পাশাপাশি সম-অধিকারের জন্য তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করে।বক্তরা বলেন, কন্যাশিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষিত ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে দেওয়া, শিক্ষায় অগ্রাধিকার দেওয়া এবং যৌন নিপীড়ন, বাল্যবিবাহ ও পাচারের হাত থেকে রক্ষা করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। কন্যাশিশুদের ক্ষমতায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠন করা সম্ভব বলে তারা মত দেন।

মোহাম্মদ সোহেল 