প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে যমুনা পূর্বপাড়ের ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি

মোঃ পলাশ শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা পূর্বপাড়ের ৬ ইউনিয়ন ও আশেপাশের এলাকা নিয়ে “যমুনা উপজেলা” গঠনের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে। নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি—একটি স্বতন্ত্র উপজেলা গঠন।

প্রচারপত্রে উল্লেখ করা হয়, নতুন উপজেলা হলে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়ন হবে, উচ্চশিক্ষা ও পল্লী উন্নয়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টের উন্নয়ন, ভূমিহীনদের ভূমি প্রদান, কৃষি ও প্রাণিসেবার কেন্দ্র স্থাপন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিস্তৃত করা, পুলিশ থানা ও ফায়ার সার্ভিস সুবিধা নিশ্চিত করা এবং সেচ, বিদ্যুৎ ও শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সহজ হবে।

দাবিদারদের মতে, যমুনা পূর্বপাড়ের এই ৬ ইউনিয়নের মানুষ নানা দিক থেকে অবহেলিত। নদীভাঙন, দুর্গম নৌপথ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধার অভাবে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে। নতুন উপজেলা গঠন হলে এসব এলাকার মানুষের জীবনমান বদলে যাবে।

প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন উপজেলায় তুলনামূলক কম জনসংখ্যা ও কম ইউনিয়ন নিয়ে উপজেলাগুলো গঠিত হয়েছে। কিন্তু যমুনা পূর্বপাড়ের ৬ ইউনিয়নের সম্মিলিত জনসংখ্যা ১,৩২,০০৭ জন এবং আয়তন ১৮৬ বর্গকিলোমিটার। যা একটি পূর্ণাঙ্গ উপজেলা গঠনের জন্য যথেষ্ট।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, উন্নয়ন ত্বরান্বিত করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত যমুনা উপজেলা ঘোষণার বিকল্প নেই।

প্রচারক: যমুনা পূর্বপাড়ের ৬ ইউনিয়ন ও আশেপাশের সর্বস্তরের জনগণ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন