নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী পাড়ার কাঠমিস্ত্রি শামসুদ্দিন মন্ডল দেখিয়েছেন ব্যতিক্রমী উদ্ভাবনের দৃষ্টান্ত। দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টায় সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করেছেন চার চাকার একটি পরিবেশবান্ধব গাড়ি।
এর আগেও কার্ডবোর্ড দিয়ে মোটরসাইকেল বানিয়েছিলেন তিনি। এবার গাড়িটির চাকা ছাড়া পুরো কাঠামোতেই ব্যবহার করেছেন কাঠ। রয়েছে দুটি আসন, ব্যাটারিচালিত হওয়ায় জ্বালানির খরচও নেই। মাত্র ৪৯ হাজার টাকা খরচে তৈরি এই গাড়ি একবার চার্জে চলে প্রায় ২০ কিলোমিটার।
২৮ বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করা শামসুদ্দিন দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। নিজের প্রয়োজনে রাস্তায় গাড়িটি ব্যবহার করলে পথচারীদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়।
তিনি জানান, চারটি নতুন ব্যাটারি যোগ করতে পারলে গাড়িটি সারাদিন চলবে। এখনো বাকি রয়েছে রঙের কাজ। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও উন্নত মডেলের গাড়ি বানাতে চান তিনি।

ইউ বি টিভি ডেস্ক 