নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে পাঁচটি প্রতিযোগিতা ঘিরে প্রাথমিক পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি। ২০২৬-২৭ মৌসুমের খসড়ায় রাখা হয়েছে দেশের পরিচিত পাঁচ টুর্নামেন্ট—স্বাধীনতা কাপ, সুপার কাপ, চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
তবে সেই সূচিতে কাটছাঁট হয়েছে আগেই; সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার পর এখন অনিশ্চিত স্বাধীনতা কাপও। গতকাল বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় নতুন মৌসুমের খসড়া সূচি তৈরি করেছে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মৌসুমের দলবদল শুরু হবে আগামী ১ জুন থেকে। ফলে ক্লাবগুলোর স্কোয়াড গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে, যা আসন্ন মৌসুমের প্রতিযোগিতামূলক চিত্রে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
তবে চলতি মৌসুমে স্বাধীনতা কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফেডারেশন কাপের ফাইনাল ১৯ মে এবং লিগ শেষ হবে ২৩ মে—এই ব্যস্ত সূচির মধ্যে জুনের আগে স্বাধীনতা কাপ আয়োজনের সময় বের করা কঠিন হয়ে পড়েছে। সূচি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে নির্বাচনজনিত বিলম্বকে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে , সুযোগ থাকলে স্বাধীনতা কাপ আয়োজনের চেষ্টা করা হবে , তবে সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত এটি বাতিলও হতে পারে । এমনটা হলে ২০২৫- ২৬ মৌসুম শেষ হবে মূলত তিন প্রতিযোগিতা —চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও লিগ দিয়েই । এর আগে সুপার কাপও বাতিলের তালিকায় চলে গেছে।
তবু আগামী মৌসুমের পরিকল্পনায় সব টুর্নামেন্ট ফিরিয়ে আনার ইঙ্গিত রয়েছে । ১৯ এপ্রিল নির্বাহী কমিটির সভায় এই খসড়া উপস্থাপন করা হবে । অনুমোদন পেলে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে , যেখানে দলবদল থেকে শুরু করে প্রতিটি প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে।
এদিকে চলমান ফেডারেশন কাপের নকআউট পর্বের ম্যাচগুলোর সময় ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে, যা মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এলিমিনেশন ম্যাচ ও কোয়ালিফায়ার্স টু ফাইনাল ১ এবং কোয়ালিফায়ার্স টু ফাইনাল ২ – এর খেলা যথাক্রমে আগামী ৫ ও ১২ মে অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে । ১৯ মে ফাইনাল হবে বসুন্ধরা কিংস অ্যারেনায় ।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক