নববর্ষের আগমন, ঐক্য, শান্তি ও উত্তরণের প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে যাচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও আর্ট প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকছে এবারের অনুষ্ঠানমালায়।
আজ রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, চারুকলা অনুষদসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। বাঁশ, কাগজসহ দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভিন্ন শৈল্পিক কাঠামো। পাশাপাশি রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের বর্ষবরণ অনুষ্ঠান রফিক ভবনের সামনে সকাল ৮টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক ও রায় সাহেব বাজার ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে আসবে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক