ধুলোভরা রাজপথে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট মেয়েটি—নিজেই যেন একটি না-ফোটা কলি।
শহরের ব্যস্ত রাস্তায়, ধুলো-বালির ভিড়ে প্রতিদিন ঝরে পড়ে হাজারো অজানা ফুল। কেউ দেখে না, কেউ থামে না—তবুও তারা ফুটতে চায়, বাঁচতে চায়। ঠিক তেমনি এই ছোট্ট মেয়েটি হাতে ফুলের ঝুড়ি, চোখে অদেখা স্বপ্নের আলো।
তার বয়স খেলাধুলার, স্কুলে যাওয়ার, গল্পে হারিয়ে যাওয়ার। অথচ বাস্তব তাকে দাঁড় করিয়েছে রাজপথে—একজন ফুল বিক্রেতা হয়ে। যখন সে বলে, ভাইয়া, একটা ফুল নেন—সেখানে শুধু বিক্রির আহ্বান নয়, লুকিয়ে থাকে অভাবের কষ্ট, বেঁচে থাকার সংগ্রাম, আর একটু ভালো থাকার আকুতি।
এই শিশুটি শুধু ফুল বিক্রি করে না—সে নিজেই একটি ফুল, যে ফুটতে চায়। স্বপ্ন দেখে একদিন বড় হয়ে ডাক্তার হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু আজ, জীবনের কঠিন বাস্তব তাকে নামিয়ে এনেছে অলিগলির রাজপথে, জীবিকার তাগিদে কঠোর পরিশ্রমে।
একটু যত্ন, একটু ভালোবাসা—এই না-ফোটা কলিটাকেও একদিন পূর্ণতায় ফুটিয়ে তুলতে পারে। না হলে, হাজারো অনাদরের ফুলের মতো সেও হয়তো হারিয়ে যাবে—নীরবে, অচেনা ভিড়ের মাঝে।

রুবিনা শেখ