প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

পিএসএল শেষ ইমনের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টে নিজেকে যখন চেনাতে শুরু করলেন, তখনই পড়লেন বিপদে। তিন ম্যাচেই পিএসএল শেষ হয়ে গেল বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় পিএসএল থেকে ইমন ছিটকে গিয়েছেন বলে আজ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘এমআরআই স্ক্যানে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামী কয়েক সপ্তাহ তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতার জন্য তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাসময়ে তাঁর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।’

৩ এপ্রিল লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স। এই ম্যাচে সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন ইমন। সেটাই কাল হয়ে দাঁড়াল ইমনের জন্য। তিন ম্যাচ খেলেই শেষ পিএসএল। ৩ ইনিংসে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে করেন ৭১ রান। যার মধ্যে বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ২ চার ও ৫ ছক্কা মারেন। সেটাই মূলত লাহোর কালান্দার্সের ২০ রানের জয়ে অবদান রেখেছেন।

ইমন এরপর ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও খেলতে পারেননি। সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছিল লাহোর কালান্দার্স। আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলছে লাহোর। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচের আগেই দুঃসংবাদ পেল লাহোর। পেশোয়ার আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৭৩ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.২ ওভারে ১ উইকেটে ৪২ রান করেছে লাহোর।

এবারের পিএসএলে আছেন ছয় বাংলাদেশি। যাঁর মধ্যে পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানার সঙ্গী তানজিদ হাসান তামিম। লাহোরে মোস্তাফিজুর রহমানের সঙ্গে খেলেছিলেন ইমন। আর রাওয়ালপিন্ডিজে আছেন রিশাদ। ছয় বাংলাদেশির মধ্যে একমাত্র তামিম পিএসএলে কোনো ম্যাচ খেলতে পারেননি।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন