প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

বিনা খরচে ৬৪ জেলা ভ্রমণে বেরিয়েছেন ঝিনাইদহের তরুণ আলিম দার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

স্বপ্ন, সাহস ও অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে সারা দেশ ঘুরে দেখার এক ব্যতিক্রমী অভিযানে নেমেছেন ঝিনাইদহের তরুণ আলিম দার (২৬)। গত ২৮ মার্চ ২০২৬ তারিখে চুয়াডাঙ্গা জেলা থেকে শুরু হয়েছে তাঁর এই অনন্য ভ্রমণ। তাঁর লক্ষ্য বাংলাদেশের ৬৪টি জেলা বিনা খরচে ভ্রমণ করা এবং বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বের হয়ে বাস্তব জীবনের সৌন্দর্য উপভোগে উৎসাহিত করা।

আলিম দার ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের নূর বক্স সর্দারের ছেলে। তিনি কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। আজ শনিবার ১২তম জেলা হিসেবে পঞ্চগড় যাচ্ছেন তিনি।

আলিম দার জানান, তাঁর এই যাত্রার উদ্দেশ্য শুধু ভ্রমণ নয়; বরং দেশের ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত খাবার এবং সাধারণ মানুষের জীবনযাপনকে কাছ থেকে জানা। তিনি মনে করেন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার তরুণদের বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই নিজের এই উদ্যোগের মাধ্যমে তিনি একটি বার্তা ছড়িয়ে দিতে চান ‘টাকা না থাকলেও ইচ্ছাশক্তি থাকলে ভ্রমণ সম্ভব, আর ভ্রমণ মানুষকে নতুনভাবে চিনতে শেখায়।’

এই দীর্ঘ পথে আলিম দারের সবচেয়ে বড় ভরসা পথের মানুষ। ট্রাক, বাস এবং স্থানীয়দের সহযোগিতায় তিনি এক জেলা থেকে আরেক জেলায় এগিয়ে চলেছেন। অনেক অচেনা মানুষ তাঁর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যা তাঁর ভ্রমণকে আরও সহজ ও অর্থবহ করে তুলেছে। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও প্রশংসা কুড়িয়েছে। অনেকে মনে করছে, আলিম দারের এই ভ্রমণ তরুণ সমাজকে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে এবং বাস্তব জীবনের সৌন্দর্য আবিষ্কারে উৎসাহ জোগাবে।

আলিম দার জানান, ভ্রমণ শেষে দেশের প্রতিটি জেলার অভিজ্ঞতা তিনি তুলে ধরতে চান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য, সংস্কৃতি ও বৈচিত্র্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন