প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

সোনাগাজী হাসপাতালে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি প্রদান

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

অক্সিজেন কনসেন্ট্রেটর ও বাইপাপ মেশিন যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসাসেবায় বাড়বে গতি—স্বাস্থ্য কর্মকর্তার আশা ফেনীর সোনাগাজী উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো প্রবাসীর মানবিক সহায়তায়। সৌদি আরব প্রবাসী মাহবুবুল হকের ব্যক্তিগত অর্থায়নে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদানকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর ও বাইপাপ (BiPAP) মেশিন, যা শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জরুরি মুহূর্তে এসব যন্ত্র রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভা বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সোনাগাজী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী, হাসপাতালের উচ্চমান সহকারী জামাল উদ্দিন এবং ইপিআই বিভাগের ইনচার্জ জামশেদ উদ্দিন। পুরো কার্যক্রমের সমন্বয় করেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ নুর নবী।
প্রবাসী মাহবুবুল হক তাঁর বক্তব্যে বলেন, “সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কথা জানতে পেরে আমি ব্যক্তিগত উদ্যোগে এসব যন্ত্রপাতি প্রদান করেছি। মানুষের সেবায় সামান্য অবদান রাখতে পারলে সেটাই আমার বড় প্রাপ্তি।”
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম প্রবাসীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “মাহবুবুল হকের মতো মানবিক মানুষদের সহযোগিতা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। এই যন্ত্রপাতি যুক্ত হওয়ায় হাসপাতালের সেবার মান বৃদ্ধি পাবে এবং জরুরি রোগীদের দ্রুত চিকিৎসা প্রদান সম্ভব হবে।”
উল্লেখ্য, প্রবাসী মাহবুবুল হক সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজী জিন্নাত আলী পাটোয়ারী বাড়ির সন্তান। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন