প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

রোববার থেকে হামের টিকা শুরু

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

দেশে হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর আগামীকাল রোববার থেকে বাড়ানো হয়েছে। এই পর্যায়ে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। পরবর্তীতে আগামী ২০ এপ্রিল থেকে এই কার্যক্রম সারা দেশে শুরু হবে।

আজ শনিবার সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাম প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওই দিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চালু হয়। সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে শুরুতে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

 

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন