প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

শয়তানের নিশ্বাস’ চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

মোঃ ইমরান হোসাইন

পটুয়াখালীর বাউফলে কথিত ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মূল অভিযুক্ত মাইনুল ইসলাম (৫৫) দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া এলাকার বাসিন্দা। সোমবার (৬ মার্চ) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রাম থেকে একই চক্রের আরও তিন সদস্য—আবদুস সত্তার (৬৩), তার স্ত্রী হাসিনা (৫৫) এবং কাশেম (৪৫)—কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত রোববার বাউফল বাজার এলাকায় কালাইয়া ইউনিয়নের এক নারীকে অচেতন করে তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে চক্রটি। পরে ওই নারী জ্ঞান ফিরে বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম তদন্ত শুরু করেন। বিভিন্ন তথ্য-উপাত্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রথমে মাইনুল ইসলামের পরিচয় শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যেই চক্রের অন্য সদস্যদের ধরা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, চক্রটি স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনাশক্তি দুর্বল করে দিতো। এরপর সহজেই ভুক্তভোগীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো। এ ঘটনায় মাইনুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, সম্পাদক ও প্রকাশকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ কামরুন নেছা তানিয়া, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন