সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি সম্মান জানাতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের প্রত্যাশা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন।
বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান কখনোই ভোলার নয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তাড়াশ উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফসার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খালিদ হাসান, স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ