মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকা থেকে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজুর রহমান (২৪) ঘোষাইবাগ এলাকার বাসিন্দা। তিনি মো. বাবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। অভিযানে এসআই দীপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
এ সময় মাহফুজুর রহমানের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ সদর