প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

বিশ্বকাপ খেলার আরও কাছে ইতালি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কাছে শিরোপা জয় দূরে থাক। বিশ্বকাপে তারা হয়ে উঠেছে অমাবশ্যার চাঁদ। ২০১৪ সালের পর টানা দুইবার বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি ইতালিয়ানরা। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে অংশ নিতে এখন তাদের দরকার কেবল এক জয়।

১২ বছর ধরে বিশ্বকাপে খেলতে না পারা ইতালির ওপর বাড়তি চাপ তো ছিলই। বারগামোতে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান প্লে-অফের সেমিফাইনালে হারলেই আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলা হতো না ইতালিয়ানদের। সেই চাপ সামলে গত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ৫৭ মিনিটে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সান্দ্রো তোনালি। ৮১ মিনিটে তাঁর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন মইজ কিন। প্লে-অফ ফাইনালে ইতালির প্রতিপক্ষ বসনিয়া এন্ড হার্জেগোভিনা।

ইতালির পাশাপাশি প্লে–অফ ফাইনালের টিকিট কেটেছে সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, কসোভো, তুরস্ক ও চেক প্রজাতন্ত্র। আগামী সপ্তাহে হতে যাওয়া প্লে-অফ ফাইনালে জয়ী দলগুলো জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে।

প্লে–অফ ফাইনাল কী

২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছে। বাকি ছয় দলের মধ্যে ইউরোপিয়ান প্লে-অফ থেকে বিশ্বকাপের মূল পর্বে উঠবে চার দল। বাকি দুই দল আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে উঠবে। মার্চের আন্তর্জাতিক বিরতিতে নিশ্চিত হবে এই ছয় দল। আন্তমহাদেশীয় পর্বে অংশ নিয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাক্যাফ) দুটি এবং এশিয়া (এএফসি), আফ্রিকা (কাফ), ওশেনিয়া (ওএফসি) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে একটি করে দল।

ইউরোপিয়ান প্লে–অফ ফাইনালের সূচি
তারিখ ম্যাচ শুরুর সময় (বাংলাদেশ সময়
৩১ মার্চ বসনিয়া এন্ড হার্জেগোভিনা-ইতালি রাত ১২টা ৪৫ মিনিট
৩১ মার্চ সুইডেন-পোল্যান্ড রাত ১২টা ৪৫ মিনিট
৩১ মার্চ কসোভো-তুরস্ক রাত ১২টা ৪৫ মিনিট
৩১ মার্চ চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক রাত ১২টা ৪৫ মিনিট
আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনাল
তারিখ ম্যাচ শুরুর সময় (বাংলাদেশ সময়
৩১ মার্চ ডিআর কঙ্গো-জ্যামাইকা রাত ৩টা
১ এপ্রিল ইরাক-বলিভিয়া সকাল ৯টা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন