দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সেখান থেকেই সংগীতচর্চা করে যাচ্ছেন তিনি। এই রোজার ঈদ উপলক্ষে প্রকাশ করেছেন দুটি নতুন গান ‘বন্ধু কেউ নয়’ এবং ‘তুমি কৃষক ভালো না’। বন্ধু কেউ নয় শিরোনামের গানটি প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেছেন এস আই টুটুল।
তুমি কৃষক ভালো না গানটি প্রকাশ পায় চাঁদরাতে। আর ঈদের দিন বন্ধু কেউ নয় প্রকাশ করেন টুটুল। দুটি গান টুটুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
বন্ধু কেউ নয় গানটি লিখেছেন শহীদুল হক সোহেল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন টুটুল। ফেসবুকে গানটি শেয়ার করে টুটুল লেখেন, ‘এই গানটি উৎসর্গ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক রক আইকন এ বি বসকে (আইয়ুব বাচ্চু)। যিনি এ বছর একুশে পদক পেয়েছেন। আল্লাহ পাক বসকে জান্নাত দান করুন।’
আইয়ুব বাচ্চুর গড়া এলআরবি ব্যান্ডের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এসআই টুটুল। দলটির কি-বোর্ড বাজানোর পাশাপাশি ব্যাকআপ ভোকাল হিসেবেও কাজ করেছেন তিনি। ২০০৩ সালের দিকে এলআরবি ছেড়ে দেন টুটুল। নিজে গড়ে তোলেন ফেস টু ফেস নামে আলাদা ব্যান্ড। ক্যারিয়ার গড়েন এককভাবে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 