পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলায় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৮ মার্চ) কেশবপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী, শাড়ি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ৭০০ পিস সিনথেটিক শাড়ি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত সহায়তা যথাযথভাবে প্রকৃত হকদারদের হাতে পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঈদের আগেই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে তিনি নিজ উদ্যোগে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে গত ১৫ মার্চ বরাদ্দকৃত শাড়ি সংগ্রহ করেন এবং দ্রুত কেশবপুরে পৌঁছে বিতরণের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রিজাউল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সাইদুর রহমান সাইদ, সাবেক জেলা ছাত্রনেতা অ্যাডভোকেট ওজিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঈদের মতো আনন্দঘন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপহার পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কেশবপুর (যশোর) প্রতিনিধি:-