টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধভাবে লাল মাটি কাটার দায়ে তিনজনকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) উপজেলার রসুলপুর, সাগরদীঘি ও দেওপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
ভূমি অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘাটাইল উপজেলার রসুলপুর, সিদ্দিকীখালী, সাগরদীঘির গুপ্ত বৃন্দাবন এবং দেওপাড়া তালতলা এলাকায় লাল মাটি কাটার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি প্রশাসনের নির্দেশনা অমান্য করে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, আইন অমান্য করে কেউ পাহাড়ি লাল মাটি কাটলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

রিমন হোসেন, স্টাফ রিপোর্টার 