প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

মোঃ আজগার আলী, খুলনা ব্যুরো প্রধান, উজ্জ্বল বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ও মারধর করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় ওই এজেন্ট গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত মো. ওলি আহম্মেদের ছেলে মো. মোকলেছুর রহমান (৩৫) পেশায় একজন বিকাশ এজেন্ট হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে।
দুর্বৃত্তরা হঠাৎ করে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে অস্ত্রের মুখে তার কাছে থাকা নগদ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ১০ লাখ টাকা ছিল বলে জানা গেছে। হামলার সময় মোকলেছুর রহমানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
ঘটনা দেখে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কৃষ্ণনগর বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন