সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রীর বক্তব্য — প্রতিমাসে সোনাগাজী সফরের ঘোষণা, উন্নয়নের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব
ফেনীর সোনাগাজী উপজেলায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই মানুষের জীবনমান উন্নত হয় না; মানুষের নিরাপত্তা, শান্তি এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করাও সমান জরুরি।
রোববার বিকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, একটি সমাজে উন্নয়ন কার্যক্রম যতই এগিয়ে যাক না কেন, যদি মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে না পারে, তাহলে সেই উন্নয়নের প্রকৃত মূল্য থাকে না।
তাই মানুষের জীবনমান উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মানুষের কোনো দুর্ভোগ বা কষ্ট হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।
সরকারি সেবাগুলো যেন দ্রুত ও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তাকে আরও আন্তরিক হতে হবে।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নিজেও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি ঘোষণা দেন যে, সোনাগাজী উপজেলার মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সরাসরি জানার জন্য তিনি প্রতি মাসে অন্তত একবার এই উপজেলায় আসবেন।
স্থানীয় জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আশ্বাস দেন তিনি।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ খাতের বর্তমান অবস্থা, চলমান কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। তারা উপজেলার স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, ভূমি ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া ভূমি সংক্রান্ত সেবাকে আরও দ্রুত ও স্বচ্ছ করার বিষয়ে প্রশাসনের উদ্যোগের কথা তুলে ধরেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান। উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন স্থানীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরেন।
এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী হুমায়ুন কবির ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার।
তারা নারী উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভা শেষে পরিবেশমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি কাটিমন জাতের আমগাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি উপকূলীয় অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, উপকূলীয় জনপদগুলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে রয়েছে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে হলে সবাইকে সচেতন হতে হবে।
সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সামগ্রিকভাবে উন্নয়ন, আইনশৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সোনাগাজীসহ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন পরিবেশমন্ত্রী।

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা 