চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজ নগর গুরা মিয়া জামে মসজিদে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাফেজ তাহসিন। এবারের পবিত্র রমজানে মসজিদটিতে খতমে তারাবি থেকে প্রাপ্ত সম্মানী হিসেবে মোট ৩২ হাজার টাকা তিনি নিজে গ্রহণ না করে অসুস্থ পাবেলের চিকিৎসার জন্য প্রদান করেছেন।
জানা যায়, পাবেল কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় সামাজিক সংগঠন মুক্ত বিহঙ্গ ক্লাব–এর উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারটির জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।
এ অবস্থায় হাফেজ তাহসিন খতমে তারাবি থেকে প্রাপ্ত সম্পূর্ণ ৩২ হাজার টাকা পাবেলের হাতে তুলে দেন। তাঁর এই মহৎ উদ্যোগ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসী বলেন, পবিত্র রমজানের এই সময়ে একজন হাফেজের এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাই পাবেলের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম, উজ্জ্বল বাংলাদেশ 