পাবনার বেড়া উপজেলা প্রশাসনের অভিযানে স্থানীয় এসআর কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না-দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে এই অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটি বিশেষ দল।
অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে মাছ ধরার নিষিদ্ধ চায়না-দুয়ারী জাল বিভিন্ন স্থানে পাচারের অভিযোগ পেয়ে প্রশাসন নজরদারি বৃদ্ধি করে। পরে তথ্য-উপাত্ত যাচাই করে এসআর কুরিয়ার সার্ভিস অফিসে হঠাৎ অভিযান চালানো হয়। এ সময় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, এসব জাল মাছ ও জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন ধ্বংস করে ফেলে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অবৈধ জাল পরিবহন, সংরক্ষণ ও বেচাকেনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে এবং অবৈধ জাল ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ ওমর ফারুক (সানি) স্টাফ রিপোর্টার 