টাঙ্গাইলের ভূঞাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “দারিদ্র বিমোচন ও যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ফাউন্ডেশন ভূঞাপুর, টাঙ্গাইল-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির রহমান ( অফিসার ইনচার্জ ভুঞাপুর)। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ ইসলামী ফাউন্ডেশন ভূঞাপুর উপজেলার আলেম-ওলামাগণ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মহান ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন ইসলামের গুরুত্বপূর্ণ বিধান যাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যথাযথভাবে যাকাত আদায় ও বণ্টন করা গেলে দারিদ্র বিমোচনে তা কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। তিনি সবাইকে যাকাত প্রদানে সচেতন হওয়ার এবং মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান বলেন, ভাষা শহীদদের ত্যাগ শুধু স্মরণ করলেই হবে না—তাদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করতে হবে। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে যাকাত একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।
তিনি আরও বলেন, সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সমাজে বৈষম্য অনেকাংশে কমে আসবে এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। এ ক্ষেত্রে আলেম-ওলামা ও সমাজের সচেতন মহলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মহান ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খন্দকার আউয়াল ভাসানী টাঙ্গাইল প্রতিনিধি 