নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ কয়েক মাস ধরে বড় আয়োজনের কনসার্ট স্থগিত বা বাতিল হওয়ায় দেশের সংগীতপ্রেমীদের মাঝে এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল। আয়োজকরা শো আয়োজন করেও সফলভাবে সম্পন্ন করতে না পারায় দর্শকদের অনেকের টিকিটের অর্থ ফেরত নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে সব শঙ্কা কাটিয়ে এবার আবারও রাজধানীর খোলা আকাশের নিচে ফিরছে বড় সংগীত উৎসব।
নতুন সরকারের শপথ গ্রহণের দিন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’। এই আয়োজনের মূল আকর্ষণ জনপ্রিয় রকস্টার জেমস ও তার ব্যান্ড ‘নগর বাউল’
জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবেন জেমস। তিনি বলেন, ‘কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়েছে। দীর্ঘ বিরতির পর খোলা আকাশের নিচে গান-উৎসবে মাতবেন ভক্তরা।’
দীর্ঘদিন পর জেমসের বড় কনসার্ট নিয়ে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে জেমস ছাড়াও পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ ও শিরোনামহীন।
দুই ব্যান্ড দলের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, নতুন সরকার দেশের ব্যান্ড সংগীতের বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং দেশ-বিদেশে কনসার্ট আয়োজনের সুযোগ আরও সহজ করবে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 