ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩,৭১২ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন ১১ দলীয় মনোনীত জোটের প্রার্থী মাওলানা আল্লামা মামুনুল হককে।
আসনটির ১৩৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ববি হাজ্জাজ পেয়েছেন ৯০,৬০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পেয়েছেন ৮৬,৮৮৯ ভোট। ভোটের ব্যবধান ছিল মাত্র ৩,৭১২।
ভোটের আগে থেকেই এই দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। বেসরকারি সংস্থা ‘সোচ্চার’ প্রকাশিত একটি জরিপে দেখা গিয়েছিল, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান হতে পারে মাত্র ৩ শতাংশ। জরিপে ববি হাজ্জাজের পক্ষে ৪২.৬ শতাংশ এবং মামুনুল হকের পক্ষে ৩৯.৬ শতাংশ ভোটারের সমর্থন ছিল। চূড়ান্ত ফলাফলেও সেই জরিপের প্রতিফলন লক্ষ্য করা গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড (মোহাম্মদপুর এলাকা) নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। পুরুষ ভোটার: ২ লাখ ৯ হাজার ৮১২ জন। নারী ভোটার: ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার: ৮ জন।
বিজয়ী হয়ে ববি হাজ্জাজ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে, মামুনুল হকের সমর্থকরা পরাজয় মেনে নিলেও ভোটের মাঠে সক্রিয় উপস্থিতির ঘোষণা দিয়েছেন।

এম জেড মাসুদ (স্টাফ রিপোর্টার)