পাবনা-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত প্রার্থীর কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপ জব্দ করে পুলিশ। মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত বরাত চর ভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর ভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের প্রচারণা চালাচ্ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, প্রার্থীর ছবি, মার্কা ও নাম সম্বলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরেও প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ 