নেত্রকোনা শহরের কো-অপারেটিভ ব্যাংক প্রাঙ্গণে মহিলাদলের উদ্যোগে এক প্রাণবন্ত উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় আয়োজিত এ বৈঠকে দুই শতাধিক নারী নেত্রী ও কর্মীর অংশগ্রহণে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পৌর ৭ নম্বর ওয়ার্ড মহিলাদলের সভাপতি তামান্না নাজনীন চৌধুরীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা লুৎফুল হক মার্শালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ডা. লুৎফা হক। বিশেষ অতিথি ছিলেন কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরু।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি এ টি এম আজাদ পিন্টু, মসজিদ কোয়ার্টার মহল্লা কমিটির সভাপতি সঞ্জয় কুমার দাস, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মুন্না, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রানা এবং মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি রানী ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ডা. লুৎফা হক বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি আরও আশ্বাস দেন, নেতাকর্মীদের ন্যায্য দাবি-দাওয়া অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
বিশেষ অতিথি মো. মুখলেছুর রহমান খান খসরু তার বক্তব্যে বলেন, বিএনপি সরকার গঠন করলে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে নেত্রকোনা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা হবে। তিনি উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীকে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
উঠোন বৈঠকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উক্ত উঠোন বৈঠকের পরিসমাপ্তি ঘটে।

বুলবুল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি 