আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহারে তিনি একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইশতেহারটি প্রণয়ন করা হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার
ইশতেহারে বলা হয়, পলাশবাড়ী ও সাদুল্লাপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র শক্তিশালী করা এবং নারী ও শিশু স্বাস্থ্যসেবার বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন
কৃষকদের জন্য কৃষি কার্ড, সহজ শর্তে সার-বীজ সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের আধুনিক বাজার ব্যবস্থার কথা উল্লেখ করা হয়। গ্রামীণ সড়ক, ব্রিজ-কালভার্ট, নদী শাসন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকারও রয়েছে ইশতেহারে।
সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার
নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা, বেকার যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।
ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন,
“আমি রাজনীতি করি জনগণের কল্যাণে। দুর্নীতিমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আপনাদের ভোট ও দোয়া চাই।”
তিনি ইশতেহারের বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তানিন আফরিন, গাইবান্ধা প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ 