প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

লালমনিরহাট সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আসামীসহ মোটরসাইকেল জব্দ

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট, উজ্জ্বল বাংলাদেশ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৩ টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ০৩:৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন তেলিপাড়া (থানা-ভুরুঙ্গামারী ও জেলাঃ কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ শরিফুল ইসলাম (২৬) পিতাঃ আঃ রশিদ, গ্রামঃ মানিককাজী, থানা-ভুরুঙ্গামারী ও জেলাঃ কুড়িগ্রামকে ২০৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপসহ আটক করতে সক্ষম হয়।

এছাড়াও ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ০৩:৩০ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন তালুক শিমুলবাড়ী নামক (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এবং রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় দিঘলটারী বিওপির আওতাধীন মাছানকুরা নামক (থানা: আদিতমারী, জেলা-লালমনিরহাট) স্থানে বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় গাঁজা ১৮.৩ কেজি এবং ০১ মোটর সাইকেল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ (আসামীসহ) ২০৬ বোতল, যার সিজার মুল্য ৮২,৪০০/-টাকা, ভারতীয় গাঁজা ১৮.৩ কেজি, যার সিজার মূল্য ৬৪,০৫০/- টাকা এবং মোটর সাইকেল ০১টি, যার সিজার মূল্য ১,৫০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২ লক্ষ ৯৬ হাজার ৪৫০ টাকা। এছাড়াও মাদক ও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন