টাঙ্গাইলের ভূঞাপুর হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা, আনন্দ ভ্রমণ ও ফ্যামিলি ডে উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) শহরের কোলাহল পেরিয়ে হাজার বছরের ঐতিহ্যবাহী মধুপুর শালবনের দোখোলা এলাকায় দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে আয়োজিত এ ফ্যামিলি ডে অনুষ্ঠানে চিকিৎসক ও তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ম্যানগ্রোভ বন সুন্দরবন ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বন হিসেবে পরিচিত মধুপুর শালবন দেশের মধ্যাঞ্চলীয় বনভূমি হিসেবেও স্বীকৃত। গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকা এই বনাঞ্চলের সবুজ ছায়াতলে আয়োজিত অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ডা. ইয়াছির আরাফাত খান। এছাড়াও ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র। আলোচনা সভায় বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং মানবসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করবে। পাশাপাশি চিকিৎসকদের পারিবারিক বন্ধন দৃঢ় ও মানসিক প্রশান্তি অর্জনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সব মিলিয়ে প্রকৃতির সান্নিধ্যে এক আনন্দঘন ও স্মরণীয় দিন কাটান ভূঞাপুর হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার সদস্যরা।

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল) 